স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : শহরে ছিনতাই কাণ্ডে জড়িয়ে পড়ছে মহিলারাও। তা আবারো সামনে আসলো বুধবার।গত ২৯ এপ্রিল রাজধানীর ইন্দ্রনগর কবরখোলা এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছিল। এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় দুই যুবক সহ এক মহিলা ছিনতাইকারী। তারপর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করেন সেই মহিলা।
তদন্তে নেমে পুলিশ তিনজনকেই আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে এসডিপিও সুব্রত বর্মন জানান, সন্ধ্যা সময় একজন বয়স্ক মহিলার গলা থেকে ছিনতাই করে একটি অটো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনজন। তারপর তিনি অটোর নম্বর সনাক্ত করে এনসিসি থানার মধ্যে মামলা দায়ের করেন সেই বয়স্ক মহিলা। পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার অটোটি শনাক্ত করতে সক্ষম হয়। তারপর মঙ্গলবার অভিযুক্ত তিনজন ছিনতাইকারী ইন্দ্রনগর এলাকায় চুরি করতে গেলে পুলিশ তাদের সনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ছিনতাইকারীরা স্বর্ণের চেনটি ছিনতাই করার পর বিক্রি করে দিয়েছিল। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ। তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে নিয়মিত তারা এ ধরনের ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে চলেছে। এসডিপিও আরো জানিয়েছেন, টি আর ০১ এম ৯৩০৯ নম্বরের অটোটি আটক করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে এই অটোটি দিয়ে তারা নিয়মিত ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে কিনা। ধৃত তিনজনের নাম বাসু চক্রবর্তী, বাড়ি অরুন্ধুতি নগর থানার অন্তর্গত, শুভমিতা দে, বাড়ি ৭৯ টিলা এলাকায় এবং অরুপ সাহা, বাড়ি চানমারি এলাকায়। এখন দেখার বিষয় পুলিশ গোটা গ্যাং জালে তুলতে পারে কিনা।

