স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : প্রায় চার ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হতে হল উদয়পুর খিলপাড়া এলাকার সিএনজি গাড়ির চালকদের। সোমবার বিকেল প্রায় চারটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে ক্ষুব্ধ চালকরা রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয়। জানা যায়, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে খিলপাড়া সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
ফলে বহু সিএনজি গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকলেও পরিষেবা না পেয়ে সমস্যায় পড়েন চালকরা। এতে ক্ষোভ বাড়তে থাকলে তারা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন। খিলপাড়া সিএনজি স্টেশন চালু হওয়ার পর থেকেই ট্রান্সফরমার সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে বলে অভিযোগ। যদিও বিষয়টি স্টেশন ইনচার্জের নজরে রয়েছে, তবুও সমস্যার স্থায়ী সমাধানে গাফিলতির অভিযোগ উঠছে। চালকদের দাবি, ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা আর না হয় তার জন্য দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। অবরোধের জেরে এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাধা কিশোরপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলার পর উদয়পুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সিএনজি স্টেশনের ট্রান্সফরমারের মেরামতির কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

