স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : ভোটের ফলাফল ঘোষণার পর থেকে পাহাড়ে সন্ত্রাস থামার নাম নিচ্ছে না। দিকে দিকে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসছে গত কয়েকদিন ধরে। এবার তিপরা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়ি ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনা বুধবার রাতে খুমুলুঙ থেকে বাইপাস রোড ধরে বাইজাল বাড়িতে আসার পথে তুলাবাড়ি এলাকায়।
দুষ্কৃতিরা সোহেল দেববর্মার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এই আক্রমণে সোহেল দেববর্মার গাড়ির কাচ ভেঙ্গে যায়। গাড়ি চালক অল্প বিস্তর আহত হন। অবস্থার বেগতিক দেখে সোহেল দেববর্মা তাৎক্ষণিক এলাকা ত্যাগ করে পালিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে বাইজালবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেল দেববর্মাকে নিরাপদ স্থানে নিয়ে আসে। এই ঘটনা নিয়ে দলের পক্ষ থেকে কোন ধরনের ষ্পষ্টিকরণ পাওয়া না গেলেও পুলিশ সূত্রে জানা যায় ঘটনার তদন্ত করছে। কিন্তু তদন্তে কি বের হয়ে আসে সে দিকে তাকিয়ে আছে দলের কর্মী সমর্থক।

