বাড়িরাজ্যমান্দাই গিয়ে সন্ত্রাসের নমুনা দেখলেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার

মান্দাই গিয়ে সন্ত্রাসের নমুনা দেখলেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে গলদঘর্ম হয়ে পড়ছে রাজ্য সরকার এবং প্রশাসন। দিকে দিকে মার খাচ্ছে শাসক দল বিজেপির কর্মী সমর্থকরা। ১৭ এপ্রিল ভোটের ফলাফল ঘোষণার পর থেকে এই সন্ত্রাস গ্রাস করেছে রাজ্যের পাহাড়কে। এবার পশ্চিম জেলা নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাই গেলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনিক আধিকারিকরা। জানা যায়, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যারা রাজ্যকে অস্থির করে তোলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে বৃহস্পতিবার পশ্চিম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথ টিম মান্দাই এলাকা পরিদর্শন করেন।

এদিন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসক মন্দাই ব্লক আধিকারিক এবং মান্দাই থানার ওসি সহ অন্যান্য অফিসারদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে নির্দেশ দেন। এই বিষয়ে জেলা শাসক ডঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমকে জানান, স্থানীয় প্রশাসনিক আধিকারিক সহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন।

তিনি আরো বলেন, ভোট গণনার পর যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ধীরে ধীরে তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় আসছে। প্রশাসন থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশও দিয়েছেন। জেলা পুলিশ সুপার নমিত পাঠক বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসনের তরফে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদ্বেগের কোন কারণ নেই বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। সব মিলিয়ে রাজ্যের এডিসি এলাকার পরিস্থিতিকে স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রাখতে রাজ্য সরকার তৎপর রয়েছে তা বলাই যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য