স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ এপ্রিল : একে হাঁস ফাঁস গরম, অন্যদিকে পানীয় ও সেচের জলের অপ্রতুলতা। সেচের মেশিন থাকলেও বছরের বেশিরভাগ সময়ই থাকছে বিকল। যার ফলে সমস্যার শিকার এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন কৃষক। সমস্যা থেকে নিরসন পেতে বৃহস্পতিবার সড়ক অবরোধ করল ভোক্তভোগী জনগণ। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই মাস্টারপাড়া এলাকায়।
সোনামুড়া-আগরতলা মূল সড়কের উপর সকাল সাড়ে নয়টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যপী চলে এই অবরোধ। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান থানার ও.সি তাপস দাসের নেতৃত্বে পুলিশ। ছুটে আসেন সোনামুড়া নগর পঞ্চায়েতর ভাইস -চেয়ারপার্সন শাহাজান মিয়া ও সেচ দপ্তরের মেলাঘর সব-ডিভিশনের এসডিও সঞ্জীব সাহা। পরে তারা আগামী ১ সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়। তবে জাকির হোসেন নামে এক অবরোধকারী জানান, বন্যার কারণে তাদের জলের মেশিন ঘর ভেঙে পড়েছিল। তারপর থেকে এলাকার কৃষকরা কিছুদিন পরপরই পানীয় জলের সমস্যার মুখে পড়ছে। দুদিন জল দিলে বাকি ১৫ থেকে ২০ দিন তাদের জল মিলছে না।
স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বললে তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। রাস্তা অবরোধ করবে বলে জানিয়ে দিলেও কোন পাত্তা দেয়নি এলাকার জনপ্রতিনিধি। তাই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে বলে জানান। অপরদিকে এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়ে আছে। সঠিকভাবে মিলছে না পানীয় জল। এদিকে পাম্প অপারেটর জানান, গোমতী নদীর জল দিয়ে এলাকায় কৃষকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এই বিষয়টি দেখা হচ্ছে। অপরদিকে এলাকায় দেড় থেকে দুই ঘন্টা পানীয় জল প্রদান করার জন্য যে দাবি উঠেছে সেটাও গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি স্বীকার করে বলেন, বিদ্যুতিক ভোল্টেজের কারণে পানীয় জলের কিছু সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারণে বা ভোল্টেজ কম থাকার কারণে পানীয় জল প্রদান করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

