স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ এপ্রিল :১৭ই এপ্রিল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মীরা। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে। সোমবার পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার শেষ করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে ফিরেই তিনি ভগৎ সিং যুব আবাসে গিয়ে দলীয় কর্মীদের খোঁজখবর নেন। প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে সামাজিক মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। বাড়িঘর ছাড়া বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক আশ্রয় নিয়েছে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে। মঙ্গলবার তাদের সাথে দেখা করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় ৩ শতাধিক বিজেপি কর্মী বাড়িঘর ছেড়ে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে। বহু বিজেপি কর্মীর বাড়িঘর ভাংচুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন খোয়াই মহকুমার কচুবাড়ীতে রাজকুমার দেববর্মার বাড়ি সরজমিনে পরিদর্শন করেন। রাজকুমার দেববর্মার বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। এতে বসত ঘর সহ ঘরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী এইদিন বাড়িঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথে কথা বলেন। তাদের খোঁজখবর নেন। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, প্রদেশ বিজেপি-র সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের এ টু জেড সহযোগিতা করবে সরকার। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান আইনের শাসন রক্ষায় সরকার বিন্দুমাত্র আপোষ করবে না। অপরাধীদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে। তারপর মুখ্যমন্ত্রী জেলা কার্যালয় থেকে চলে যান বেহালা বাড়ি এলাকায়। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দেন।

