স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল : ১১-মহারানী তেলিয়ামুড়া এডিসি নির্বাচন কেন্দ্রের নন্দকুমার এলাকায় ভোটের দিন দুপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তিপ্রা মথা আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।
বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন নন্দকুমার এলাকায় দলীয় কাজে ব্যস্ত থাকার সময় তাঁদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। আহতদের প্রথমে তুলাশিখর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তিন জনকে খোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলো শংকর দেববর্মা, জনসন দেববর্মা, বীরেন্দ্র দেববর্মা। একজনের পা ভেঙ্গে যায় এবং অপর দুই জনের মাথায় আঘাত লাগে। বর্তমানে তারা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ছয়জন তিপ্রা মথা দলের আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে চাম্পাহওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।

