বাড়িরাজ্যবিধায়কের গাড়িতে এবং ভোটারদের উপর হামলা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিধায়কের,

বিধায়কের গাড়িতে এবং ভোটারদের উপর হামলা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ বিধায়কের,

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ এপ্রিল : রবিবার টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের অন্তর্গত ৫৭ তুলামুড়া বিট অফিস এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকেই এই কেন্দ্রটিতে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক এবং উৎসবমুখর পরিবেশে চলছিল। ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবেই ভোটদান চলছিল। কিন্তু অভিযোগ, এই সময় হঠাৎ করে তিপ্রা মথার কিছু সমর্থক ভোট দিতে আসা সাধারণ ভোটারদের উপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন বিধায়ক অভিষেক দেবরায়। তিনি তুলামুড়া বিট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান গোমতী জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, জেলাশাসক রিঙ্কু লাথের এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। তাঁদের নেতৃত্বে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, পুলিশ এবং টিএসআর জওয়ান মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকলেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য