স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ এপ্রিল : কাব্যলোকের বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান এই রাজ্যের সংস্কৃতির ধারায় একটি নিজস্ব ঐতিহ্য। গত ২৮ বছর ধরে আয়োজিত কাব্যলোক আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠানটি সংস্কৃতি প্রেমী সহ সকলের কাছেই একটি নিজস্ব উৎসবে পরিণত হয়েছে। তাই অন্যান্য বছরের মতো এবছরও কাব্যলোকের বর্ষবিদায় ১৪৩২ এবং বর্ষবরণ-১৪৩৩ আয়োজিত হচ্ছে আগামী ১৪ এবং ১৫ এপ্রিল।
দুদিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে আগরতলার রাজন্য স্মৃতি বিজরিত তুলসীবতী স্কুলের মুক্ত প্রাঙ্গণে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান কাব্য লোকের সম্পাদক উত্তম চক্রবর্তী। তিনি আরো জানান, পশ্চিমবঙ্গের খ্যাতনামা সঙ্গীত শিল্পী রাজকুমার রায় এবং বিশিষ্ট নৃত্যদল ‘সৃজনী, অংশ গ্রহন করবে এবারের অনুষ্ঠানে। রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ ও সাংস্কৃতিক সংস্থা সমূহ রাজ্যের চিরাচরিত সাংস্কৃতিক সম্ভারকে তুলে ধরবে। প্রায় ৩০ টি উপস্থাপনায় ২ শতাধিক শিল্পী এই উৎসবে সামিল হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও কাব্যলোক সম্মান- ১৪৩৩ প্রদান করা হবে। এবছর সম্মান প্রদান করা হবে রাজ্যের বিশিষ্ট গীতিকার ও সাহিত্যিক সুবিমল ভট্টাচার্যকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

