স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ এপ্রিল : সাত দিনের মধ্যে উচ্ছেদ হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে ভাটি অভয়নগরের ক্যান্টনমেন্ট রোডে কাটা খালের পাড়ের বস্তিতে বেশ কিছু পরিবারকে। এই উচ্ছেদের নোটিশ পেয়ে মেয়র দীপক মজুমদারের দ্বারস্থ হল ভাটি অভয়নগরের ক্যান্টনমেন্ট রোডে কাটা খালের পাড়ের বস্তিতে বসবাসকারীরা। জানা যায় ভাটি অভয়নগরের ক্যান্টনমেন্ট রোডে কাটা খালের পাড়ের বস্তিতে বেশ কিছু পরিবার বসবাস করে। এই পরিবার গুলিকে সদর মহকুমা প্রশাসন থেকে ৭ দিনের মধ্যে জমি খালি করে দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়।
কারণ কাটা খালের পাড় এলাকার সৌন্দর্যায়ন ও কাটা খালের নাব্যতা বৃদ্ধির কাজ শুরু হবে। ৭ দিনের মধ্যে বস্তিবাসীরা কিভাবে জায়গা খালি করে দেবেন, জায়গা খালি করে দিয়ে তারা কোথায় যাবেন, তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। তাই নিরুপায় হয়ে এইদিন তারা পুর নিগমের কার্যালয়ে গিয়ে মেয়রের সাথে সাক্ষাৎ করেন। এইদিন তারা মেয়রের সাথে সাক্ষাৎ করে জানান ৩০ থেকে ৩৫ বছর ধরে তারা এই জায়গায় বসবাস করছেন। তারা এইদিন মেয়রের নিকট দাবি জানান তাদের যেন মাথা গুজার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার জানান কাটা খালের পাড়ে এই পরিবার গুলি অবৈধ ভাবে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। এই পরিবার গুলি উচ্ছেদের নোটিস পেয়ে এইদিন ওনার দ্বারস্থ হয়েছে। তাদের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছে। তিনি আরও জানান সরকার মানবিক। যদি সম্ভব হয় সরকার অবশ্যই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবে।

