স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। বুধবার উত্তর মূল্যায়নের কাজ সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গন চৌধুরী। এক সাক্ষাৎকারে তিনি জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে দুইটি স্কুলে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে চারটি স্কুলে।
বড়দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার বরদোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উত্তরপত্র মূল্যায়নের কাজ খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি আরও জানান এইবার পরীক্ষার ফলাফল বিগত বছরের ন্যায় ৩০ এপ্রিলের মধ্যে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। যদি সম্ভব না হয় তবে মে মাসের ৭ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধামিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছে ২ হাজার ২০০ শিক্ষক-শিক্ষিকা।

