স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : স্থানীয় একাধিক ইস্যুতে শনিবার আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল কার্যালয়ে সিপিআইএম -এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। তিনি বলেন, ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় বসার পর বাজার গরম করেছিল দিল্লি থেকে কলসি দিয়ে টাকা আনবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য।
দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এখানে এসে গর্বের সহিত উচ্চারণ করেছিল মানিক বাদ দিয়ে হীরার সরকার। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে হীরার সরকারের পরিবর্তে কয়লার সরকারের রূপান্তরিত হয়েছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার। কয়লার পরিষেবা ও দিতে পারছে না এই সরকার। মেঘালয় থেকে কয়লা আসছে না। ইস্ত্রীর দোকানে কয়লা পাওয়া যাচ্ছে না। তিনি আরো বলেন আকাশে মেঘ গর্জন করলে আর কয়েক ফোঁটা বৃষ্টি পড়লে রাস্তায় জল জমে যায়।
আগরতলা শহরের এক অদ্ভুত পরিবেশ। মেয়র সাহেব গরিবদের উচ্ছেদ করে দিচ্ছে। চৈত্র মেলার টোকেন দেওয়ার নাম করে গরিব মানুষ থেকে জুলুম করে টাকা নেওয়া হচ্ছে। মানুষ সন্ধ্যার পর এমন কি সকালবেলায় পর্যন্ত মশার উপদ্রবে ঘরে থাকতে পারে না। সরকারের যদি পারফরম্যান্স না থাকে সেখানে পৌর নিগম পারফরম্যান্স দিতে পারবে না এটাই স্বাভাবিক। ডেপুটেশন প্রদান করার আগে এদিন সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করে প্লে কার্ড হাতে নিয়ে।

