স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মার্চ: টিটিএএডিসি নির্বাচনের কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল পিছিয়ে যেতে পারে বলে ধারণা পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরীর। বুধবার পর্ষদের নিজ কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ২৪ মার্চ পরীক্ষা শেষ হয়।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ১৮৪ জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ৩০ মার্চ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৫০২ জন। মোট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৬৮৬জন। পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর চেয়ে ৮ হাজার ৫০০ জন বেশি। উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছেন প্রায় আড়াই হাজার শিক্ষক শিক্ষিকা। আগামী ৬ - ৭ এপ্রিলের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। নির্বাচনের কাজে শিক্ষকরা যুক্ত থাকার জন্য খাতা মূল্যায়নের কাজে নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী অংশ নিতে নাও পারে। তিনি আরো বলেন, বিগত বছর ৩০ এপ্রিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষনা করা হয়েছিল। এ বছরও এপ্রিল মাসের মধ্যে ফলাফল ঘোষনা করার জন্য উদ্যোগ নিয়েছিল পর্ষদ। কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ধারণা করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে ফলাফল ঘোষনা করা সম্ভব হবে না। তারপরেও মে মাসের ৭ তারিখের মধ্যে ফলাফল ঘোষণা করার জন্য চেষ্টা করবে পর্ষদ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান