স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : ব্যতিক্রম হলো না এ বছরও। চৈত্র মেলার টোকেন বিলি ঘিরে উত্তেজনা। টাকার বিনিয়ে টোকেন বিক্রির অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে আহত মহিলা ব্যবসায়ীরা। বিগত বছরগুলির মতোই আগরতলা পুর নিগমের বিরুদ্ধে এবারও এমনই অভিযোগ। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে চৈত্র সংক্রান্তির কিছুদিন পূর্বে থেকে আগরতলায় বসে চৈত্র মেলা। ক্ষুদ্র ব্যবসায়ীরা এই চৈত্র মেলায় দোকান নিয়ে বসেন কিছু অর্থ উপার্জনের আশায়। আগরতলা পুর নিগম চৈত্র মেলার জন্য জায়গা দিয়ে থাকে। এই বছরও শতশত ক্ষুদ্র ব্যবসায়ী আশায় ছিল চৈত্র মেলায় দোকান নিয়ে বসে দুই পয়সা উপার্জন করবে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা আগরতলা পুর নিগমের ভুমিকায় হতাশ। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে চৈত্র মেলার জন্য জায়গা দেওয়া হবে।
সেই মোতাবেক শুরু হয়েছে ফর্ম বিতরণ। ফর্ম সংগ্রহ করতে আসা এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান প্রতি বছর পুর নিগম থেকে ফর্ম দিয়ে দেওয়া হয় মণ্ডলে মণ্ডলে। অথচ প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা ফর্ম পায় না। বিগত বছর তিনি ৮ হাজার টাকার বিনিময়ে ফর্ম ক্রয় করেছেন। এই বছর তিন দিন ধরে দীর্ঘ লাইনে ফর্মের জন্য অপেক্ষা করছেন। এইদিন ২০০ ফর্মও দেওয়া হয় নি। কিন্তু পুর নিগম থেকে বলে দেওয়া হয়েছে ফর্ম শেষ। তিনি প্রশ্ন উত্থাপন করেন ২০০ ফর্মও দেওয়া হয় নি। বাকি ফর্ম গুলি কোথায়। আরো বলেন, তারা নিরুপায়। নিগমকে শকুন্তলা রোডে হলেও ব্যবসা করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে। এই ফর্ম বিতরণকে কেন্দ্র করে এইদিন আগরতলা পুর নিগমের অফিস চত্বরে উত্তেজনা দেখা দেয়। এক ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করেন আগরতলা পুর নিগম আগাম কোন কিছু জানায় নি কতগুলি ফর্ম দেওয়া হবে। এইদিন কয়েকটি ফর্ম দেওয়ার পর পুর নিগমের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে ফর্ম শেষ। ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলে পুর নিগমের টাস্ক ফোর্স তাদের উপর লাঠি চার্জ করেছে। এমনকি মহিলা ব্যবসায়ীকে পর্যন্ত মারা হয়েছে। পুর নিগমের টাস্ক ফোর্স ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর লাঠি চার্জ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

