স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মার্চ : মঙ্গলবার সকাল থেকেই বৈঠক রাজ অন্দরে। সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ তিপরা মথা। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় যেভাবে তিপরা মথার ক্ষোভ দেখা গিয়েছিল, তার ছায়া পড়েছে এবারের এডিসি নির্বাচনে। মঙ্গলবার সকাল থেকে দলীয় নেতৃত্ব নিয়ে দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বৈঠকে বসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রার্থীর চয়ন নিয়ে নিজেদের মধ্যে জট বাঁধে। খবর পেয়ে গ্রাম পাহাড় থেকে মথার যুব কর্মীরা ছুটে আসেন রাজ অন্দর চত্বরে। বিকাল ঘনিয়ে আসলেও প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলের হাই কমান্ড।
কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে রাজ অন্দরে বসে থেকে জানতে পারে সকাল থেকেই বহু আসনে ত্রিপুরা মথার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছে। আনুষ্ঠানিক ঘোষণা না করেই কিভাবে একটি দায়িত্ববান দল প্রার্থী তালিকা চুপি সারে ঘোষণা করতে পারে? কারণ ওআইটিএফের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় ২৪ রাইমাভ্যালি আসনে রাজেশ ত্রিপুরাকে প্রার্থী করার জন্য দাবি করা হচ্ছে। কিন্তু দলের নেতৃত্ব চাইছেন প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাকে প্রার্থী করার। যদি ধনঞ্জয় ত্রিপুরাকে প্রার্থী করা হয় এবং রাজেশ ত্রিপুরাকে প্রার্থী না করা হয় তাহলে বুধবারের মধ্যে ২২ হাজার ভোটার নিয়ে দল থেকে বের হয়ে যাবে বলে সংবাদ মাধ্যমে ক্যামেরায় দাবি করেন ওয়াইটিএফের রাইমাভ্যালি ব্লক সম্পাদক নবীন কুমার ত্রিপুরা। এদিকে এডিসি-র ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে মোহনপুরের তুলাবাগান চৌমুহনি থেকে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা, দলের যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মাদের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১৪ বোধজংনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা বলেন, এডিসিতে তিপ্রা মথা দল ২৪ টি আসনে জয়ী হবে। পুনরায় এডিসিতে সরকার গঠন করবে তিপরা মথা।
আরো বলেন, এডিসি নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে অনন্ত দেববর্মা,সদাগর কলইদের তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করা তিপ্রা মথা দলের উপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অপরদিকে উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিপ্রা মথা মনোনীত দুই প্রার্থী। তারা হলেন ২০ কিল্লা বাগমা আসনের তিপ্রা মথা মনোনীত প্রার্থী পূর্ণ চন্দ্র জমাতিয়া এবং ২২ কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের প্রার্থী ডেভিড মুড়াসিং। যার দলের অন্দরের মধ্যে আরও বেশি গুঞ্জন সৃষ্টি করেছে। এদিকে দলীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেল বেলা পাঁচটা সময় সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল। কিন্তু সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে রাগ ক্ষোভ দলের অন্দরে বেড়ে যাওয়ায় খবর লেখা পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি মথা। দলীয় সূত্রে খবর অগ্রিম প্রার্থী তালিকা ঘোষনা না করেই বুধবার বিভিন্ন আর.ও -র কাছে মনোনয়ন পত্র দাখিল করবেন দলের কাছ থেকে সীল মোহর পাওয়া প্রার্থীরা।

