Monday, August 10, 2026
বাড়ি রাজ্য থানার নাকের ডগায় ঠিকাদারের বাড়িতে প্রবেশ করে তিন রাউন্ড গুলি ছুঁড়ল সমাজদ্রোহীরা

থানার নাকের ডগায় ঠিকাদারের বাড়িতে প্রবেশ করে তিন রাউন্ড গুলি ছুঁড়ল সমাজদ্রোহীরা

থানার নাকের ডগায় ঠিকাদারের বাড়িতে প্রবেশ করে তিন রাউন্ড গুলি ছুঁড়ল সমাজদ্রোহীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ মার্চ :   বিশালগড় থানার ৩০০ মিটার দূরে নেতাজি নগর এলাকায় ঠিকেদার অরূপ সাহার বাড়িতে প্রবেশ করে তিন রাউন্ড গুলি করল রাষ্ট্রবাদী দলের ছত্রছায়ায় থাকা সমাজদ্রোহী। বাড়ির মহিলার অভিযোগ মোবাইল ফোনে ভিডিও কল করে অভিযুক্ত রণবীর প্রথমে বলে আঙ্কেলকে বলবেন বিকেলের মধ্যে ৫০ লক্ষ টাকা দেওয়ার জন্য। নাহলে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারপর পাল্টা প্রতিক্রিয়া দিতেই ভিডিও কলের মধ্যে দেখছিলেন পকেট থেকে পিস্তল বের করছে অভিযুক্ত রণবীর।

 তখন সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে ফেলেন বাড়ির মহিলা। তখন অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে তিনি রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তবে এই ঘটনায় বিশালগড়ে ক্রমেই বেড়ে চলেছে দুষ্কৃতী কার্যকলাপ। আর তার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে কুখ্যাত রণবীরের নাম। অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে হুমকি দেওয়ার পরই বাড়িতে ঢুকে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে। তবুও তার বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বিশালগড় থানার পুলিশ। একাংশের দাবি রণবীর দীর্ঘদিন ধরেই চুরি, ছিনতাই, বোমাবাজি সহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কিন্তু বারবার অভিযোগ উঠার পরও কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ। অনেকেই মতে কোনো প্রভাবশালী রাজনৈতিক মহলের মদত না থাকলে এতটা বেপরোয়া হয়ে উঠা সম্ভব নয়। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা সোশ্যাল মিডিয়ায় হুমকি এবং পরপর হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগ সব মিলিয়ে বিশালগড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন আইনের শাসন কি আদৌ কার্যকর নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় দুষ্কৃতীরা আরও শক্তিশালী হয়ে উঠছে? এখন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। রণবীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব গোটা এলাকা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha