স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ভয়াবহ অগ্নিকাণ্ড শান্তিরবাজার পুরনো বিদ্যুৎ নিগমের কার্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে আচমকাই বিদ্যুৎ নিগমের কার্যালয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পায় কর্মীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নিনির্বাপক দপ্তরে।
খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই অগ্নিকাণ্ড ঘিরে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, অফিস চত্বরের জঙ্গল নিয়মিত পরিষ্কার না করার ফলেই বারবার এই আগুনের সূত্রপাত হচ্ছে। স্থানীয়দের দাবি, বছর বছর এই একই চিত্র দেখা যায়, কিন্তু দপ্তরের কোনো হেলদোল নেই। এই বিষয়ে দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি বিস্ময়করভাবে জানান যে, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে বা কেন বারবার এমন ঘটছে, সে সম্পর্কে তারা কিছুই জানেন না।

