স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১২ মার্চ : ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে বিধায়ক রামপদ জমাতিয়ার নাম প্রস্তাবকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বৃহস্পতিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম অধ্যক্ষ পদে প্রস্তাব করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা রামপদ জমাতিয়াকে শুভেচ্ছা জানান ও তার সার্বিক সফলতা কামনা করেন। মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, পরিষদীয় দলের বৈঠকে শ্রী রামপদ জমাতিয়ার নাম অধ্যক্ষ হিসেবে প্রস্তাব করা হয়েছে।
তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও নেতৃত্ব আগামী দিনে বিধানসভার কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।একই সঙ্গে ব্যক্তিগত পক্ষ থেকেও তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আকস্মিক প্রয়াণে রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুর ফলে বিধানসভার অধ্যক্ষ পদটি শূন্য হয়ে পড়ে। দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনীতিকের প্রয়াণে বিধানসভা কার্যক্রমেও এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে নতুন অধ্যক্ষ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে চলতি বছরের প্রথম অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হবে।
সেই অধিবেশন শুরুর আগের রাতেই অধ্যক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে নতুন অধ্যক্ষের নেতৃত্বেই শুরু হতে চলেছে এবারের বাজেট অধিবেশন। প্রস্তাবিত অধ্যক্ষ শ্রী রামপদ জমাতিয়া ত্রিপুরা রাজনীতির এক পরিচিত মুখ এবং বিজেপির আদি সংগঠক নেতাদের মধ্যে অন্যতম বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি সংগঠন ও জনজীবনের সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।আগামী দিনে বিধানসভার আলোচনাকে আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ করে তুলতে তাঁর নেতৃত্ব সহায়ক হবে বলেই আশা প্রকাশ করছেন শাসকদলের নেতারা। সব মিলিয়ে, নতুন অধ্যক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা বিধানসভার কার্যক্রমে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাজেট অধিবেশনের প্রাক্কালে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

