স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা ১২ মার্চ : আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা হবে টিটিএএডিসি নির্বাচন সহ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির কর কোর কমিটির বৈঠক। প্রদেশ বিজেপি কার্যালয়ে এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতন লাল নাথ সহ প্রদেশ বিজেপির কোর কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।
এইদিনের বৈঠকে এডিসি নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচন, এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনানা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলে কে কে বিজেপির প্রার্থী হতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা তৈরি করে দিল্লিতে প্রেরন করা হবে। পাশাপাশি এডিসি নির্বাচনে বিজেপি কি ভাবে লড়াই করবে সেই বিষয়েও আলোচনা হয়েছে। তবে এডিসি নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট থাকবে কিনা সেই বিষয়ে এইদিন স্পষ্ট কিছু জানান নি মুখ্যমন্ত্রী।

