Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত

বিধানসভার বাজেট অধিবেশন ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত

বিধানসভার বাজেট অধিবেশন ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৬ মার্চ : ত্রিপুরা বিধানসভার নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ১৩ মার্চ। ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। ৯ দিনের এই বাজেট অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। বিধানসভার বাজেট অধিবেশনকে সামনে রেখে শুক্রবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্য সদস্যারা। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে ১৩ মার্চ থেকে। বিএসি কিমিটির বৈঠকে আলোচনা ক্রমে ঠিক হয়েছে এই বছর অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল ভাষণ দেবেন।

 তারপর প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মৃতি চারন করে সেই দিনের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যাবে। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন। তারপূর্বে অর্থমন্ত্রী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করবেন। একই দিন তিনটি বিল পেশ করা হবে বিধানসভার অধিবেশনে। এই বিল গুলি হচ্ছে দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সেস বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন ইউনিভার্সিটি বিল।

 ১৭ মার্চ থেকে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে। ১৮ মার্চ পর্যন্ত এই আলোচনা চলবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও জানান ১৯ মার্চ ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পাশ হয়ে যাবে। সেই দিন থেকে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হবে বিরোধী দলনেতার আলোচনার মধ্যদিয়ে। ২০ মার্চ, ২৩ মার্চ, ২৪ মার্চ এবং ২৫ মার্চ ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা চলবে। ২৫ মার্চ ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাশ হয়ে যাবে। তিনি আরো বলেন, বাজেট অধিবেশনে আরও বেশকিছু সরকারি বিল এবং প্রাইভেট ইউনিভার্সিটি বিল আসতে পারে। তাই এবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান