স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : কমলপুর মহকুমার অন্তর্গত মানিকভান্ডার বাজারে রবিবার গভীর রাতে যে নৃশংস ও বর্বরোচিত ঘটনা সংঘটিত হয়েছে, তা কার্যত জনজীবনের নিরাপত্তা ও সামাজিক শালীনতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিত্যদিনের মতো ব্যস্ত বাজারে সামান্য কথাকাটাকাটিকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী বিপ্লব দেব এবং দারাঙ্গ এলাকার সব্জি ব্যবসায়ী সুভাষ দাসের মধ্যে শুরু হওয়া বিবাদ। অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণহীন হয়ে যায় তাদের ঝামেলা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সুভাষ দাস বাজারে ব্যবহৃত ওজন পরিমাপের মেশিন নিয়ে বিপ্লব দেবের মাথায় সজোরে আঘাত হানেন।
এই নির্মম ও নিষ্ঠুর আঘাতে বিপ্লব দেব রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং গুরুতর আহত বিপ্লব দেবকে উদ্ধার করে তড়িঘড়ি কামালপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করলেও মাথায় গুরুতর আঘাতের কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে চিকিৎসকেরা তাঁকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতাল-এ রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আহত ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা যায়।

