স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ ফেব্রুয়ারি : শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। বৃহস্পতিবার ছিল মাধ্যমিকে ইংরেজি বিষয়ের পরীক্ষা। দুপুর বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলে পরীক্ষা। আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষায় কেন্দ্রগুলিতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পর্ষদ আধিকারিকরা বিভিন্ন পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্র গুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদের আধিকারিকগণ। বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে রয়েছে কিনা সেই সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এবছর মাধ্যমিকে পরীক্ষার্থী ৩২ হাজার ৪ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১৪ হাজার ৬২৯ জন এবং ছাত্রীর সংখ্যা ১৭ হাজার ৩৭৫ জন। আর মাদ্রাসা আলিম পরীক্ষার্থী ১৫৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২৯ জন এবং ছাত্রীর সংখ্যা ২৬ জন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ৬৯ টি। ভ্যেনু ১৪৫ টি। বিগত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ২৯ হাজার ৭৮১ জন। সুতরাং, পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় এবছর অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

