স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ফেব্রুয়ারি : জাতীয় ভোটার দিবসে সচেতনতার বার্তা ঘিরে বিতর্ক। ধর্মনগরের স্মৃতি ভবনের প্রবেশপথে আঁকা চিত্রে ক্ষুব্ধ একাংশ। জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটারদের সচেতন করতে ধর্মনগরে নেওয়া এক উদ্যোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন প্রাঙ্গণের মূল প্রবেশপথের সামনে মাটির উপর আঁকা একটি সচেতনতামূলক চিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে মাটির উপর আঁকা চিত্রে লেখা রয়েছে—“ মাই ইন্ডিয়া, মাই ভোট” এবং “মে ভারত হু”। অভিযোগ, ভবনের প্রবেশপথের ঠিক মাঝামাঝি স্থানে এই বার্তাগুলি অঙ্কিত হওয়ায় দর্শনার্থীদের প্রতিদিনই ওই লেখার উপর দিয়ে হেঁটে ভবনে প্রবেশ করতে হচ্ছে, যা অনেকের কাছে অসম্মানজনক বলে মনে হচ্ছে। উল্লেখ্য, অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে প্রায় প্রতিদিনই নানা সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। ফলে সাধারণ মানুষ, শিল্পী, সরকারি আধিকারিক সহ বহু মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে এই ভবনে।
সচেতনতামূলক চিত্রটি মূল প্রবেশপথে হওয়ায় কার্যত বিকল্প পথও নেই বললেই চলে। স্থানীয়দের বক্তব্য, ভোটার সচেতনতা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ। তবে দেশপ্রেম ও গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত এমন বার্তা সেই জায়গায় অঙ্কন করা উচিত ছিল, যেখানে মানুষ তা দেখে সম্মান জানাতে পারে— পায়ের নিচে পড়ে না। অন্যদিকে, বিষয়টিকে ঘিরে ভিন্ন মতও উঠে এসেছে। কিছু মানুষের মতে, এটি একটি সচেতনতামূলক শিল্পকর্ম মাত্র, যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং ভোটদানে অংশগ্রহণে উৎসাহিত করা। তাঁদের মতে, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে সমালোচকদের দাবি, প্রশাসনের এ ধরনের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে আরও সংবেদনশীলতা ও দূরদর্শিতা প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও মতবিনিময় শুরু হয়েছে।

