আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের জন্য ঘোষিত পুনর্বাসন প্যাকেজের বকেয়া অর্থ মঞ্জুরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করল ত্রিপুরা গরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি (টিজিআরডিসি)। বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানান ধনঞ্জয় রিয়াং।
সংগঠনের দাবি, ২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা গরিলাদের পুনর্বাসনের জন্য ৪৫ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করে। এর মধ্যে ২২ কোটি টাকা মঞ্জুর করা হলেও অবশিষ্ট অর্থ এখনও পর্যন্ত প্রদান করা হয়নি। কোভিড অতিমারির পর ২০১৮ সাল থেকে প্যাকেজের বকেয়া অর্থরাশি আর মঞ্জুর হয়নি বলে অভিযোগ তাদের।
এই প্রেক্ষিতে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ধনঞ্জয় রিয়াং জানান, বড়মুড়া এলাকায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করা হবে। পাশাপাশি ভৃগু দাসপাড়া এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সংগঠনের সদস্যরা আরও জানান, তিন দফা দাবির ভিত্তিতে গত ২১ ডিসেম্বর বড়মুড়ায় জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল। সে সময় সরকারি আধিকারিকরা জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠকের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। ২৩ ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ২১ জানুয়ারির মধ্যে বৈঠক আয়োজনের দাবিও মানা হয়নি বলে অভিযোগ তাদের।

