স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ জানুয়ারি : শুক্রবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত আসাম- আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন পোলিনপুর এলাকার চন্দন দেবনাথের বাড়ি থেকে গরু চুরি হয়। চন্দন দেবনাথ দাবি করেছেন রাত তিনটা পর্যন্ত গরু ছিল। কিন্তু এরপর কোন একটা সময় গরুগুলি চুরি হয়ে যায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে চন্দন দেবনাথ যখন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দ্বারস্থ হয় তখন পুলিশ নাকি উনাকে প্রশ্ন করেছেন বাড়িতে সিসিটিভি কেন লাগানো নেই? এছাড়াও পুলিশ আরো বিভিন্নভাবে নানান অপমানজনক কথা বলে বলেছে চন্দন বাবুকে।
পরবর্তী সময়ে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে খোঁজ নিয়ে দেখা গেছে সংশ্লিষ্ট নাকা পয়েন্টের সিসি ক্যামেরা নষ্ট। যদিও বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত অভিযোগ উঠছে হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট যাবতীয় দুর্নীতির আখড়া। এই নাকা পয়েন্ট ব্যবহার করে চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ প্রায় সময় উঠে। এর পাশাপাশি এই সময়ের মধ্যে যতগুলো গাড়ি বিশেষ করে গরুর গাড়িগুলি যাচ্ছে সেই গাড়িগুলো থেকে ১-৫ হাজার টাকা দিলেই যেতে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
শুধুমাত্র চন্দন দেবনাথের বাড়ি থেকে গরু চুরি হয়েছে ঘটনা এমন না। সম্প্রতি তেলিয়ামুড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু গরু চুরি হয়েছে। এখন প্রশ্ন হল পুলিশ সিসি ক্যামেরা ছাড়া কি চোর ধরতে পারবে না? নাকি ফন্দি খুজছে পুলিশ।

