স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ জানুয়ারি : রাজ্যের চলছে সুশাসন। আর এই সুশাসন জামানায় মান সম্মান বলতে কিছুই নেই রাষ্ট্রবাদী নেতাদের। বিনা আমন্ত্রণে কেউ কেউ মঞ্চে গিয়ে চেহার দখল করে থাকছে, আবার কেউ কেউ মঞ্চে জায়গা না পেয়ে বিদ্যালয়ে হুলুস্থুল কান্ড কারখানা তৈরি করছে। এবার এক রাষ্ট্রবাদী নেতা বিদ্যালয়ের ভেতর শিক্ষককে আক্রমণ করলেন বলে অভিযোগ। হুমকি এবং ভাঙচুর চালায়। সবকিছুই ক্যামেরাবন্দি করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এই রাষ্ট্র বাদী নেতা হলেন বিজেপি নেতা তথা কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোতাছিম বিল্লাল বলে অভিযোগ! ঘটনা কাঁঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কালাপানিয়া চন্দ্রাবাড়ী জেবি স্কুলে। অভিযোগ, স্কুলের ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে স্কুল পরিচালন কমিটিকে আমন্ত্রণ না জানানোর কারণে এই ঘটনা। ভিডিও ফুটেজে লক্ষ্য করা হয়েছে তিনি মাথার উপর চেয়ার তুলে আঁচড়ে ফেলে শিক্ষক-শিক্ষিকাদের বলছেন মনে থাকবো নি? পাল্টা মেম্বারকে বারবার তারা বলছিলেন বিষয়টি প্রধানকে জানানো হবে। তখন মেম্বার উগ্র মেজাজে বলছেন বেশি বাড়াবাড়ি করলে চেয়ার দিয়ে সবার মাথা ফাটিয়ে ফেলবেন। আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয় পরিচালন কমিটি ভেঙে নতুন করে তৈরি করবেন তিনি। অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেন তারা কি বিদ্যালয়ে পড়াশোনা করাতে আসে নাকি রাজনীতি করতে আসেন? একটা সময় উত্তেজিত মেম্বার মোবাইল ফোনে হাত দেন।
এই অভিযোগ মঙ্গলবার উঠে এসেছে বিদ্যালয়ের চার দেওয়ার থেকে। মেম্বারের কারণে বর্তমানে আতঙ্কে ভুগছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মন্ত্রীরা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাবি করছে ভারতীয় জনতা পার্টি গুন্ডামী প্রশ্রয় দেয় না। কিন্তু এই দৃশ্য বারবারই প্রশ্ন তুলে শাসকদলের পালিত মেম্বারকে কি প্রশ্রয় দেবে তার দল এবং দলের হাই কমান্ড?

