স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ডিসেম্বর : রাজ্যে গণতন্ত্রের ভীত মজবুত করতে এবং বিশেষ করে উপজাতিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে ৮১ বছর পূর্বে ২৭ ডিসেম্বর দশরথ দেববর্মা, হেমন্ত দেব্বর্মা, সুধন্য দেববর্মা সহ ১১ জন উদ্যমী যুবক গঠন করেছিলেন জনশিক্ষা সমিতি। এরপর থেকে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্য জুড়ে জনশিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে উপজাতি গণমুক্তি পরিষদ।
এবছর ৮১ তম বর্ষে পদার্পণ করলো জনশিক্ষা দিবস। ৮১ তম বর্ষ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এবছরও দিনভর নানা কর্মসূচী হাতে নিয়েছে গণমুক্তি পরিষদ। এর অঙ্গ হিসেবে শনিবার সকালে কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম রাজ্য কার্য্যালয়ে।সেখানে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া। সিপিআইএম দলের পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পরবর্তী সময়ে উপস্থিত নেতৃত্ব প্রত্যেকেই জন শিক্ষা আন্দোলনের অন্যতম স্থপতিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জনশিক্ষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

