স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ডিসেম্বর : অশান্তি আবহে উদয়পুর শহরের ধ্বজনগর এলাকা থেকে এক টাউট সহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক টাউটের নাম মাটিবুর রহমান। আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন মোহাম্মদ এনামুল হক (৪৯), মোহাম্মদ কালু (৪০), মোহাম্মদ এসরাফুল (৪৯)। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুরের ধজ্জ্বনগর এলাকা থেকে প্রথমে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে এক ভারতীয় দালালের নাম।
এরপরই পুলিশ অভিযান চালিয়ে কিল্লা এলাকা থেকে ওই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশে এই দালাল সক্রিয়ভাবে সহযোগিতা করছিল। ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুযায়ী মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, তারা কোনো ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কি না, কিংবা সামাজিক মাধ্যমে দেশ বিরোধী কোনো যোগাযোগ বা কার্যকলাপ রয়েছে কিনা, সেই বিষয়েও তদন্ত চলছে। অভিযুক্তদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কের সংবেদনশীল পরিস্থিতির মধ্যে এই গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সীমান্ত রাজ্য ত্রিপুরায় অনুপ্রবেশ সংক্রান্ত এমন ঘটনা স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশ ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ত্রিপুরার উদয়পুরে বড়সড় ও উদ্বেগজনক ঘটনা সামনে এলো। সীমান্তে যখন নজরদারি বাড়ানো হয়েছে, ঠিক সেই সময় উদয়পুরে তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে নতুন করে নিরাপত্তা ও জাতীয় স্বার্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক মহল।

