স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ডিসেম্বর : নাবালিকা ধর্ষণ কাণ্ডে পলাতক মূল অভিযুক্ত রণজিৎ পাল চৌধুরীর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ধর্মনগরের চন্দ্রপুর ২ নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে, মৃতের বাড়ি পূর্ব হুরুয়া গ্রামে। অভিযোগ, ১৭ ডিসেম্বর দোকান ঘরের আন্ডার গ্রাউন্ডে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ছিল রণজিৎ।
ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব হুরুয়া এলাকার মানুষ পথ অবরোধ করে পুলিশকে দুই দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সোমবার। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে রেগা শ্রমিকরা কাজ করতে গিয়ে জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। তবে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে খুন নাকি আত্মহত্যা সেটা তদন্ত সাপেক্ষ।

