স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ ডিসেম্বর : সম্প্রতি রাজভবনের নাম পরিবর্তন হয়ে করা হয়েছে লোক ভবন। শনিবার থেকে জনগণের জন্য খুলে দেওয়া হল লোক ভবন। সাধারণ জনগণের লোক ভবনে প্রবেশ অধিকার না থাকায় সবারই একটা কৌতুহল থাকে লোক ভবন দেখার। সেই দিকে গুরুত্ব দিয়ে রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর আন্তরিক ইচ্ছায় খুলে দেওয়া হয়েছে লোক ভবন।
সাধারণ জনগণের কৌতুহল মেটানোর জন্য সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত লোক ভবন খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। যেহেতু রাজ্যপাল এই লোক ভবনে থাকেন তাই লোক ভবনের ভেতর এবং বাইরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি শনিবার ২৫ জন করে তিন ঘন্টায় মোট ৭৫ জন লোক ভবন ঘুরে দেখতে পারবে। সেই ভাবে প্রচার না হওয়ায় আজ প্রথম দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। তবে আজকের পর থেকে জানাজানি হলে সাধারণ জনগণ যে লোক ভবনে তাদের কৌতহল মেটাতে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

