স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : বিহারে এন ডি এ বড় জয় হাসিল করতেই রাজ্যের দিকে দিকে বিরোধীদলের কার্যালয়ের উপর শুরু হয় হামলা হুজ্জতি। বাদ যায়নি কমলপুর মহকুমা। একপ্রকার ভাবে বিহারে এন.ডি.এ -র জয় ত্রিপুরার প্রধান বিরোধী দলের বিপদ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার রাতে কমলপুর মহকুমা মানিক ভান্ডার স্থিত সিপিআইএমের দলীয় কার্যালয় অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারী।
পাশাপাশি বাজারের এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। অন্যদিকে হালাহালি বাজারের সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের জয়ের সুবাদে রাজ্যে আনন্দে মাতোয়ারা বিজেপি কর্মীরা। বিজেপির আনন্দের আগুনে পুড়ল একাধিক সিপিআইএম অফিস। শুক্রবার রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কমলপুর মহকুমার সি পি আই এম-এর মানিকভান্ডার মহকুমা কার্যালয়।
একই সাথে বাজারের মোহনলাল দে নামে এক সি পি আই এম সমর্থকের দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি হালহালি বাজারের সি পি আই এম অফিসে ভাঙচুর করা হয়। অভিযোগের কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। সিপিআইএম ধলাই জেলা কমিটির সম্পাদক অঞ্জন দাস, মহকুমা সম্পাদক অমর ভট্টাচাৰ্য, সম্পাদক মন্ডলীর সদস্য সুলেমান আলী সহ অন্যান্য নেতৃত্বরা এইদিন ক্ষতিগ্রস্ত সিপিআইএম অফিস দুইটি সরজমিনে ঘুরে দেখেন। অঞ্জন দাস এইদিন বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। তারা দাবি জানান অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ঘটনার পর শুক্রবার থেকে এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে।

