স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে পরিচালিত ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের আয়োজিত জাতীয় স্তরের রিভিউতে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।
এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টারে চিকিৎসারত সমস্ত এইচআইভি পজিটিভ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা, তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে পরিচালনা করা, এবং রাজ্য সরকার এর পরিচালিত বিভিন্ন সোশ্যাল পেনশন স্কিম ও বেনিফিট এর সাথে এইচআইভি রোগীদের নিয়মিত যুক্ত করা সহ আরো অনেক বিষয়ে ভালো কাজ করে কেন্দ্রীয় সরকার এর স্বাস্থ্য মন্ত্রকের দ্বারা তৈরি করা পারফরমেন্স ইন্ডিকেটরস এর মধ্যে ত্রিপুরা রাজ্য গ্রীন জোন-এ স্থান করে নিয়েছে। গত ১২ নভেম্বর ২০২৫ অন্ধ্রপ্রদেশের ভিজায়ওয়ারা শহরে আয়োজিত কেন্দ্রীয় এক অনুষ্ঠানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির দুই আধিকারিকের হাতে উক্ত পুরস্কারটি তুলে দেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের উচ্চ-আধিকারিক ডা: চিন্ময়ী দাস। রাজ্য সরকার প্রতিনিয়ত এইচআইভি এইডস আক্রান্ত সকল রোগীদের যে বিনামূল্যে নানা সুযোগ সুবিধা প্রদান করছে এবং তাঁরা যে সেটা গ্রহণ করছেন, এই পুরস্কার সে কথাকেই আরেকবার মান্যতা দেয়।
উল্লেখ্য, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম(এনএসিপি) এর অধীন ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (এনএসিও) দ্বারা ১০ টি প্যারামিটার থাকে, যার মূল্যায়নের মানদন্ডগুলির উপর নির্দিষ্ট রাজ্যগুলি পারফর্মিং রাজ্য হিসাবে নির্বাচিত করা হয়। এগুলোর মধ্যে ছিল আইসিটিসি থেকে অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) চিকিৎসা গ্রহণ পর্যন্ত সংযোগ স্থাপন, এইচআইভি আক্রান্ত রোগীদের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি) চিকিৎসা গ্রহণ করানো, এইচআইভি আক্রান্ত রোগীদের নিয়মিত ফলো-আপ করা ইত্যাদি।

