স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ নভেম্বর : সুশাসন জামানায় কমিশন নজির গড়তে চলছে। এলাকায় এলাকায় গজিয়ে উঠছে চুনোপুঁটি নেতা। আর এই চুনোপুঁটি নেতারা কমিশন থেকে ছাড় দিচ্ছে না সমাজের অন্তিম ব্যক্তিদের পর্যন্ত। এমন নিজস্ব ভূ-ভারতে না থাকলেও জাঁকিয়ে বসেছে বিকাশ ত্রিপুরায়। এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা হল আগরতলা শহরের প্রাণকেন্দ্রে।
কমিশন না দেওয়ায় রিকশা চালক রাজীব দেবরায়ের পুরো পরিবারকে বেধড়ক মারধর করার অভিযোগ। বুধবার পশ্চিম আগরতলা থানায় মামলা করতে এসে অসহায় রিক্সা চালকের ভাই রাহুল দেব রায় জানান, ঘটনা রাধামাধব ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযোগ রিক্সা রাখার বিষয়কে কেন্দ্র করে ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোডের রাজীব দেব রায়ের পরিবারকে বেধড়ক মারধর করেছে। রিকশা চালক রাজীব দেবরায়ের বাড়ি ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায়। তিনি কেন অন্য এলাকায় রিস্কা ভাড়া রাখেন? তা নিয়েই ঝামেলার সূত্রপাত।
অভিযুক্তরা অসহায় রিকশা চালকের কাছে দাবি করেন, যদি রাধানগর এলাকায় রিকশা ভাড়া রাখতে হয় তাহলে তাদেরকে হাফতা দিতে হবে। তারপর কমিশন দিতে রাজি না হওয়ায় আক্রমণের শিকার হন। ঘটনার খবর পেয়ে রাজীবের বড় ভাই রাহুল সহ তার মা-বাবার ছুটে আসলে তাদের ও মারধোর করে বলে অভিযোগ। মূল অভিযুক্ত হল সুমিত দাস। পশ্চিম আগরতলা থানায় মামলা করলেন অসহায় রিক্সা চালকের পরিবার।

