স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ নভেম্বর : ছাত্রদের নিয়ে বিদ্যালয় থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়ল স্কুল বাস। ঘটনা মধুবন কাঠালতলী বাইপাস এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছে ১১ জন ছাত্রছাত্রী এবং মৃত্যু এক পথচারী মহিলার। ঘটনার বিবরণের জানা যায়, শুক্রবার দুপুর দুইটার নাগাদ মনফোর্ট বিদ্যালয়ের বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে ফেরার সময় একজন মহিলাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। সেই মহিলার নাম খেলা সরকার। বাড়ি রেল ব্রিজ এলাকায়।
প্রতিদিনের মতো মহিলা ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য রাস্তায় বের হয়েছিলেন। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। রাস্তার পাশে থাকা রেলিং ভেঙে পড়ে যায় বাসটি। আশেপাশে মানুষ বিকট শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়ে দেখতে পান দুর্ঘটনায় পড়েছে স্কুল বাসটি। এদিকে রাস্তার মধ্যে পড়ে আছেন খেলা সরকার। আহতদের উদ্ধারের কাজে হাত লাগায় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা। উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে ছাত্রছাত্রীদের। গাড়ির নম্বর টি আর ০১ এবং ৪৩২৪। ঘটনার পর গাড়ি চালক পালিয়ে গেছেন।
তবে ঘটনাটি কোন পথচারী প্রত্যক্ষ না করায় বলতে পারছে না কিভাবে সংঘটিত হয়েছে এই ঘটনা। এদিকে সে সময় এলাকা দিয়ে অন্যথায় রওনা হয়েছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য। তিনি গাড়ি থেকে নেমে ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। বর্তমানে আহত ছাত্র ছাত্রীরা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে অভিভাবকরা হাসপাতাল পৌঁছেছে। তবে যতদূর জানা যায় সাত থেকে আটজন ছাত্র-ছাত্রী আঘাত গুরুতর। এদিকে আহত মহিলাকে উদ্ধার করে জিবি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আহত মহিলাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমতলী থানার পুলিশ গাড়িটি আটক করেছে। তদন্ত করছে কিভাবে ঘটনা সংগঠিত হয়েছে।

