Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য গরু চুরি করতে এসে জনরোষে নিহত ৩ বাংলাদেশী

গরু চুরি করতে এসে জনরোষে নিহত ৩ বাংলাদেশী

গরু চুরি করতে এসে জনরোষে নিহত ৩ বাংলাদেশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: খোয়াই মহকুমার বিদ্যাবিল সীমান্ত এলাকায় গরু চুরি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন তিন বাংলাদেশী নাগরিক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে কয়েকজন বাংলাদেশী সীমান্ত পেরিয়ে গরু চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করে। চোরদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীরা প্রতিরোধ গড়লে, চোরেরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

পাল্টা প্রতিরোধে ক্ষুব্ধ জনতা তিনজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত সুরক্ষার ঘাটতি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাদের দাবি, সীমান্তরক্ষী বাহিনী এবং চাম্পাহাওড় থানার নজরদারির অভাবের কারণে সীমান্ত দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আনাগোনা বেড়েছে। অনেকের অভিযোগ, প্রশাসনিক গাফিলতির সুযোগ নিয়ে সীমান্ত অঞ্চলে গরু পাচার, মাদক এবং নেশাজাতীয় দ্রব্যের অবাধ চলাচল ঘটছে। স্থানীয়রা জানান, সীমান্তে টহল জোরদার না হলে এমন ঘটনা আরও ঘটবে। আমরা নিরাপত্তা চাই, ন্যায় চাই, — এমনই বক্তব্য শোনা গেছে ক্ষুব্ধ গ্রামবাসীর মুখে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে খোয়াই জেলা পুলিশ। প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কোনো যোগসাজশ বা গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha