স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :দূর্গা পূজার পর থেকে আগরতলা শহরের মধ্যে চুলের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিভিন্ন বিদ্যালয়ের সহ বাড়ির ঘরে চুরির ঘটনার অভিযোগ জমা পরছে বিভিন্ন থানায়। এবার সিসি ক্যামেরার সহযোগিতা নিয়ে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ দুই চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৩ অক্টোবর রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে চুরি হয়েছে বলে থানায় মামলা দায়ের করা হয়।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয় নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। তার আগের দিন বনমালীপুর পার্থ লস্করের বাড়িতে চুরি হয়েছে বলে মামলা দায়ের করা হয়। পার্থ লস্করের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাজীব কর্মকার নামে এক চোরকে শনাক্ত করা হয়। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দীপঙ্কর বসাক নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। দীপঙ্কর বসাকের একটি দোকান রয়েছে। সে সর্বদা চুরির মাল ক্রয় করে। রাজীব কর্মকারের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। সে স্বীকার করেছে এই টাকা সে রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি করেছে। বাকি টাকা সে খরচ করে নিয়েছে। বাকি চোরদেরও শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। ধৃত দুই চোরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিশ।

