স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার আগরতলা সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী, বাদ্যযন্ত্র, অলংকার পোশাক বিতরণ অনুষ্ঠান করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশিকুমার সহ অন্যান্যরা।
এদিন মোট ৮৫ টি দলকে ঐতিহ্যবাহী, বাদ্যযন্ত্র, বিতরন করেন সন্মানীয় অতিথিরা। মন্ত্রী বিকাশ দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ২৫ বছরে ত্রিপুরার জনজাতিদের রীতিনীতি সবকিছুই হারিয়ে গেছে। এগুলি পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকার কাজ শুরু করেছে। তিনি আরো বলেন বিগত দিনের সরকার জনজাতিদের কথা চিন্তা করেনি। বর্তমান সরকার জনজাতিদের কথা চিন্তা করে কাজ করছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তাই সৌভ্রাতৃত্ব যাতে রক্ষা হয় সেদিকেও গুরুত্ব দিয়ে চলেছে সরকার। আরো বলেন, বর্তমান সরকার জনজাতিদের ভবিষ্যৎ তৈরি করার দিকে গুরুত্ব দিয়েছে। এর জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে জনজাতি অংশের মানুষের জন্য কাজ করে চলেছে বলে জানান।

