স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ সেপ্টেম্বর :মহিলাদের উপর বর্বরতা বন্ধ করা, মদ ও সমস্ত মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা, বিজ্ঞাপণ ও ইন্টারনেটে অশ্লীল প্রচার বন্ধ করা, ধর্ষণ কান্ডে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা সহ ছয় দফা দাবিতে সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল সংঘটিত করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। রাজধানীর কর্ণেল চৌমূহনী থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমূহনীতে এসে এক সভা সংগঠিত করে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতৃত্ব যথাক্রমে শুক্লা চক্রবর্ত্তী, শেফালী দেবনাথ ও শিবানী ভৌমিক। তারা বলেন, শাসক দল নারী সুরক্ষা নিয়ে যতই ঢাক-ঢোল পেটাক বাস্তবে মহিলারা আজ সর্বত্র নির্যাতিত ও নিরাপত্তাহীন। অপরাধের সঙ্গে যুক্ত দোষীরা বেশীরভাগ ক্ষেত্রেই ছাড়া পেয়ে যায়। শাসকদের ছত্রছায়ায় মদ ও মাদক দ্রব্যের প্রসার ঘটছে। আরো বলেন, মহিলাদের দেশব্যাপী শক্তিশালী আন্দোলন গড়ে তুলেই শাসকরা বাধ্য করতে হবে এই দাবিগুলি মেনে নিতে। তাই এই আন্দোলনে সকলস্তরের মহিলাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান সংগঠনের নেতৃত্ব।

