স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর :সরকারের কোন আয়না হয় না। সেটাই বারবার প্রমাণ করে বর্তমান সরকারের একের পর এক মন্ত্রী মহোদয়রা। গত সাড়ে সাত বছরে রাজ্যের সংবাদ মাধ্যম বিভিন্ন ভাবে আক্রমণের শিকার হয়েছে। এবার নব্য মন্ত্রী কিশোর বর্মন বললেন সংবাদ মাধ্যম নাকি জনপ্রতিনিধিদের শত্রু। সেটা তিনি প্রমাণ করতে না পারলেও সোমবার রাজধানীর অরুন্ধতীনগর পঞ্চায়েত রাজ ক্যাপাসিটি বিল্ডিং-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী বাহাদুর।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের আচার-আচরণ, কথাবার্তা এবং ব্যবহার অত্যন্ত সতর্কভাবে পরিবেশন করতে হবে। যারা প্রধান, উপপ্রধান, সভাধিপতি এবং চেয়ারম্যান হয়েছেন, তাদের মনে রাখতে হবে সকলের পেছনে শত্রু আছে। সেটা বিরোধী দলের হতে পারে, আবার শাসক দলেরও হতে পারে কিংবা অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে কোন মাধ্যম হতে পারে। সুতরাং সব সময় সতর্ক থাকতে হবে। তবে এদিন জ্ঞানী উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের নব্য মন্ত্রী বাবুর এহেন মন্তব্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে সংবাদ মহলে। দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করা একজন মন্ত্রী মুখে এমন মন্তব্য শোভা পায়নি বলা চলে। সংবাদ মাধ্যম কারো শত্রু নয়, সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ। মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ভুলক্রটি, দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি সহ বিভিন্ন খবর পরিবেশন করা সংবাদমাধ্যমের দায়িত্ব। সেটা কিভাবে ভুলে গেলেন একজন তথাকথিত দায়িত্ববান মন্ত্রী? এই প্রশ্ন সকলের মুখে মুখে?

