স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ আগস্ট : দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য রাজ্য থেকে পাড়ি দিল দ্বিতীয় ব্যাচের কৃষক। সোমবার কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই ত্রিপুরার উদ্যোগে দ্বিতীয় ব্যাচের কৃষকদের ত্রিপুরা থেকে ১০ দিনের অ্যাডভান্স ট্রেনিং-এর জন্য দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
সোমবার আগরতলা রেল স্টেশন থেকে রেলে করে রাজ্যের কৃষকরা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন। এইদিন আগরতলা রেলস্টেশনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। রাজীব ভট্টাচার্য জানান বিজেপি-র স্লোগান ছিল জয় জওয়ান, জয় কিষাণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় জওয়ান, জয় কিষাণের সাথে জয় বিজ্ঞান জয় অনুসন্ধ্যানকে সংযুক্ত করে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। কৃষির উপর নির্ভর করে দেশের অর্থনীতিকে কি ভাবে উন্নয়ন করা যায় তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগে বিদেশ থেকে খাদ্য শস্য আমদানি করা হতো। বর্তমানে ভারত থেকে বিদেশে খাদ্য শস্য রপ্তানি করা হয়।

