স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর : বুধবার দিনটা ভালো-মন্দে মিশিয়ে কাটল ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মার । একদিকে তিনি নিজে সূর্যকুমার যাদবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন। ঠিক সেদিনই আবার নিজের সদ্য করা একটি রেকর্ড তিনি হারালেন পাকিস্তানের সাহিবজাদা ফারহানের কাছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে বিশেষ দাগ কাটতে পারেননি অভিষেক। ভারত ম্যাচ হেরেছে। অভিষেক ২৪ বলে ২৯ রান করেছেন। তবে ওই ২৯ রানের ইনিংসেই একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই নিয়ে ২০২৬ সালে মোট ৬৯টি ছক্কা হাঁকালেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে এক বছরে আর কোনও ব্যাটার এত ছক্কা মারতে পারেননি। এর আগে ২০২২ সালে ৬৮টি ছক্কা মেরেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন সূর্যকে টপকে গেলেন অভিষেক। এ বছর আরও ৬টা টি-২০ ম্যাচ খেলেবে ভারত। ফলে অভিষেকের কাছে ওই ছক্কার সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। এ বছর গোটা বিশ্বে ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই ঈশান কিশান।
এ তো গেল সূর্যর নিজের রেকর্ড। উলটো কাণ্ডও ঘটেছে। সম্প্রতি আফগানিস্তান সিরিজে অভিষেক নিজে যে রেকর্ড গড়েছিলেন সেটা আবার ভেঙে দিলেন পাকিস্তানের সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক সাহিবজাদা ফারহান। অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করেছেন ফারহান। প্রথম সিরিজেই শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর ফারহান নিজে ব্যাট হাতে দারুন ফর্মে। তিন ম্যাচের সিরিজে তিনি করেছেন ২৩৮ রান।
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে ক্রিকেটারদের মধ্যে তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন পাক অধিনায়কের নামের পাশে। ২০২৬ সালে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৯ রান করেন অভিষেক শর্মা। এত দিন সেটাই ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড টপকে গেলেন ফারহান। বিরাট কোহলির এক কীর্তিও ছুঁয়েছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের ৩ ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন তিনি। এর আগে দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচে হাফসেঞ্চুরির কীর্তি শুধু কোহলির ছিল। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রতিটিতে অর্ধশতরান করেছিলেন কোহলি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান