স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর : ভারতীয় দলে বৈভব সূর্যবংশীকে নিয়ে বিতর্ক থামছেই না। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও প্রথম একাদশে জায়গা হয়নি ১৫ বছরের এই বিস্ময় প্রতিভার। অধিনায়ক শ্রেয়স আইয়ার দল অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করতেই ফের আলোচনায় বৈভবের অনুপস্থিতি। চলতি সিরিজে এখনও পর্যন্ত একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি তিনি। সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে ভারত হারলেও যদি একই ব্যাটিং কম্বিনেশন ধরে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে বৈভবের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে।
তবে বৈভবকে ঘিরে বিতর্কের মধ্যেই সামনে এসেছে এক পরিসংখ্যান। ভারতের হেডকোচ গৌতম গম্ভীরের অধীনে যতটা সুযোগ পেয়েছে এই কিশোর, তার তুলনায় অনেক বেশি ম্যাচে তাকে খেলিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান লক্ষ্মণ চলতি বছরে কয়েকটি প্রতিযোগিতায় গম্ভীরের পরিবর্তে দলের দায়িত্ব সামলেছেন। আর সেই সময়েই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে ওপেন নেমেছিল বৈভব। ভারতের হয়ে এখনও পর্যন্ত আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বৈভব। তার মধ্যে পাঁচটি ম্যাচেই দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। অন্যদিকে, নিয়মিত কোচ গম্ভীরের অধীনে ১৪টি ম্যাচের স্কোয়াডে থাকলেও বৈভব প্রথম একাদশে ছিল মাত্র তিনবার। অর্থাৎ, বৈভবকে সুযোগ পাওয়ার নিরিখে অনেক এগিয়ে লক্ষ্মণ। অনেকেই প্রশ্ন করছেন, গম্ভীরের কি ‘অপছন্দ’ ১৫ বছরের বাঁহাতি তারকা?
চলতি বছরের শুরুতে জিম্বাবোয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে গম্ভীরের পরিবর্তে ভারতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লক্ষ্মণ। সেই সিরিজের তিনটি ম্যাচেই খেলেছিল বৈভব। চলতি মাসের এশিয়ান গেমসেও লক্ষ্মণের প্রশিক্ষণে খেলার সুযোগ মেলে। আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলেও, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে যায় ভারত। তার পর সেমিফাইনাল ও ফাইনালেও খেলে বৈভব। তবে পরিসংখ্যানের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা জরুরি।
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছে বৈভব। আটটি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ২৪৬ রান। স্ট্রাইক রেট ১৮৬। হেন সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ আসমুদ্রহিমাচল। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ব্যাটিং বিস্ময় জাগাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে। বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনরাও মুগ্ধ বৈভবে। সেই কারণেই প্রতিভা থাকা সত্ত্বেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়েই প্রশ্ন উঠছে। প্রাক্তন ওপেনার কিছুটা উদ্বিগ্ন, কারণ জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত সুযোগ পাচ্ছে না বৈভব। শেহওয়াগ মনে করছেন, বয়স কম বলেই বৈভবকে এখন সেভাবে সুযোগ দিচ্ছে না ম্যানেজমেন্ট। কিন্তু এমনটা হওয়া উচিত নয়।
প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “বৈভব সেরা ছন্দে রয়েছে। ও অনেকটা আমার মতো করেই ভাবে। প্রথম বল থেকে মারো। ও কতটা সুযোগ পায়, ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারে সেটাই দেখার।” শেহওয়াগ বলছেন, বৈভবকে খেলানোর ক্ষেত্রে ওই বয়সটা মাথায় রাখাই উচিত নয়। তিনি বলছেন, “ও তো আর বয়সভিত্তিক ক্রিকেট খেলছে না যে। সেটা হলে একটা মানে থাকত। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট হলে আপনার বয়স ১৯-এর নীচে হতেই হবে। কিন্তু আইপিএল বা ভারতের হয়ে খেললে বয়সের কথা মাথায় রাখা উচিত নয়।”
যদিও কোচ গৌতম গম্ভীরের সাফ কথা, “হ্যাঁ জানি, ও দারুণ ফর্মে আছে। কিন্তু আমি ওকে বেশ কয়েকবার কথা বলে বুঝিয়েছি। অনেক প্লেয়ার দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েছে, তাঁরা ভালো খেলছে। ওকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আজ যদি বৈভবকে খেলাই, তাহলে অভিষেক বা সঞ্জুর সঙ্গে অবিচার হবে। যাঁরা গত দেড়-দুই বছর ধরে দলকে জেতাচ্ছে, আজ ৩-৪ ম্যাচে ব্যর্থ হলে তাঁদের বসিয়ে দিতে পারি না। তাতে সামনে যতই ফর্মে থাকা তরুণ ক্রিকেটার থাকুক না কেন।” কিন্তু ২৪৬ রান এবং ১৮৬ স্ট্রাইক রেটের পরেও যদি প্রথম একাদশের বাইরে বসে থাকতে হয় বৈভবকে, তাহলে প্রশ্ন তো উঠবেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান