Thursday, October 1, 2026
বাড়ি খেলা হকিতে পাকিস্তান বধ ভারতের, এশিয়াড ফাইনালে হরমনপ্রীতরা

হকিতে পাকিস্তান বধ ভারতের, এশিয়াড ফাইনালে হরমনপ্রীতরা

হকিতে পাকিস্তান বধ ভারতের, এশিয়াড ফাইনালে হরমনপ্রীতরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ : ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই দাপট দেখাচ্ছে ভারত। হকি কিংবা টেবল টেনিসেও চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দেওয়ার ছবি দেখা যায়। কিন্তু ভলিবলের কোর্টে উলটো ছবি। এশিয়ান গেমসের পুরুষদের ভলিবলের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে স্ট্রেট সেটে হেরে গেল ভারত। যদিও হকিতে অন্য ছবি। রুদ্ধশ্বাস ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-৩ গোলে হারিয়ে এশিয়াড ফাইনালে ভারত। 


খেলার ফলাফল ২৫-১৯, ২৫-২৩, ২৫-১৮। অর্থাৎ ৩-০ ব্যবধানে জিতে ৬৪ বছর পর এশিয়াডের সেমিফাইনালে উঠল পাকিস্তান। অন্যদিকে, ভলিবলে ৪৪ বছরের পদক খরা কাটল না ভারতের। শেষবার ১৯৮৬ সালের এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। তার আগে ১৯৬২ সালে রুপো এবং ১৯৫৮ সালে ব্রোঞ্জ এসেছিল। অর্থাৎ চার দশকের অপেক্ষার অবসান এবারও হল না। পাকিস্তানের কাছে এই হার অবশ্য ভারতের জন্য নতুন নয়। ২০১৮ সালের এশিয়াডেও কোয়ার্টার ফাইনালে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। গত এশিয়াডেও পঞ্চম স্থান নির্ণায়ক ম্যাচে জয় পেয়েছিল তারা।


প্রথম সেটে একটা সময় ১১-১১ সমতা ছিল। তার পরেই টানা কয়েকটি পয়েন্ট তুলে ১৬-১১ এগিয়ে যায় পাকিস্তান। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। দ্বিতীয় সেটে ১৯-১৬ এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি ভারত। পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে ২৫-২৩ ব্যবধানে সেট জিতে নেয়। তৃতীয় সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের হাতে। সেই লিড ধরে রেখে ২৫-১৮-এ সেট জিতে ম্যাচও পকেটে পুরে নেয় তারা। বিশ্ব ভলিবলের ক্রমতালিকায় পাকিস্তান ৩৮ নম্বরে। ভারত ৪৮ নম্বরে। দুই দলের সাক্ষাতে সেই ‘ফারাক’ই আরও একবার স্পষ্ট হল।


গ্রুপ পর্বে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিল ভারত। প্রতিটি ম্যাচ জিতেছিল তারা। কাতারের বিরুদ্ধে শেষ ম্যাচেও ০-২ পিছিয়ে থেকে পরপর তিন সেট জিতে ম্যাচ বার করেছিল। কিন্তু নকআউটে এসে সেই ছন্দ ধরে রাখতে পারল না ভারত। ম্যাচ শেষে অবশ্য ক্রিকেটের মতো কোনও ‘বিতর্কিত’ ছবি দেখা যায়নি। দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছে সৌহার্দ্যের যদিও ভারতের জন্য এশিয়াডের ভলিবল অভিযান শেষ হল একরাশ হতাশা নিয়েই। পদকের অপেক্ষা আরও বাড়ল।


ভলিবলে হারলেও এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানকে হারাল ভারত। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন হরমনপ্রীত সিংরা। ৫ মিনিটে তিনিই ভারতকে এগিয়ে দেন। ১৩ মিনিটে ফের গোল করেন তিনিই। এর ১০ মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন সুখজিৎ সিং। যখন মনে হচ্ছে, একপেশে ভাবে জিততে চলেছে ভারত, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের হয়ে ব্যবধান কমান আবু মাহমুদ। ৩০ মিনিটে গোল করেন তিনি। ৪৫ মিনিটে ফের হান্নান শাহিদের গোলে স্কোর লাইন ৩-২। ৪৯ মিনিটে পাক দলকে সমতায় ফেরান ওয়াহিদ আশরাফ রানা। তবে খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফিল্ড গোল থেকে ভারতের হয়ে জয়সূচক গোল অভিষেকের। তবে ৩ গোলে এগিয়ে গিয়েও জয় পেতে কষ্ট করতে হয়েছে ভারতীয় দলকে। ফাইনালে নামার ডিফেন্স লাইনের এভাবে খেই হারানো নিয়ে যথেষ্ট চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha