Thursday, October 1, 2026
বাড়ি জাতীয় রাজ্যসভা নির্বাচনে বিরাট চমক অখিলেশের, উত্তরপ্রদেশে নতুন ‘খেলা’

রাজ্যসভা নির্বাচনে বিরাট চমক অখিলেশের, উত্তরপ্রদেশে নতুন ‘খেলা’

রাজ্যসভা নির্বাচনে বিরাট চমক অখিলেশের, উত্তরপ্রদেশে নতুন ‘খেলা’

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ : উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে  বিরাট চমক অখিলেশ যাদবের। সমাজবাদী পার্টির টিকিটে প্রার্থী হলেন গুজরাটের ব্যবসায়ী তথা রিলায়েন্সের শীর্ষকর্তা ধনরাজ নাথওয়ানি। তাৎপর্যপূর্ণভাবে ধনরাজের বাবা পরিমল নাথওয়ানি মাস কয়েক আগেই এনডিএর সমর্থনে রাজ্যসভায় পা রেখেছেন। এবার ধনরাজ। যেভাবে রিলায়েন্সের একেবারে শীর্ষনেতাকে যেভাবে ভোটের ময়দানে নামালেন অখিলেশ, সেটা বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ।


ধনরাজ একদিকে রিলায়েন্সের সঙ্গে সরাসরি যুক্ত, অন্যদিকে ক্রিকেট প্রশাসক। রিলায়েন্স গোষ্ঠীর জামনগরের উৎপাদন বিভাগ সামলানো থেকে শুরু করে গুজরাটে জিও-র ব্যবসার তদারকি, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন এবং রিলায়েন্স জিও-র ডিফেন্স সিস্টেমের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে নাথওয়ানির। এছাড়াও তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। একসময় এই পদে ছিলেন অমিত শাহ। এবার ধনরাজ সরাসরি রাজনীতিতে পা রাখছেন। তাৎপর্যপূর্ণভাবে সেটা বিজেপি বা এনডিএর সমর্থনে নয়। বরং বিরোধী শিবিরের এক দলের সমর্থনে। যা উত্তরপ্রদেশের রাজনীতিতে বড় চমক।


আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০ আসনের রাজ্যসভা নির্বাচন। এই মুহূর্তে উত্তরপ্রদেশে এনডিএ-র বিধায়ক সংখ্যা ২৯৪। অর্থাৎ ওই ১০ আসনের মধ্যে ৭টি আসনে এনডিএর জয় নিশ্চিত। সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ১০০। ১২ জন বিধায়ক সপার টিকিটে নির্বাচিত হয়েও বিজেপিতে যোগ দিয়েছেন। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২। খাতায় কলমে অখিলেশের দলের দুই আসনে জয় নিশ্চিত। প্রথম নিশ্চিত আসনে তিনি দলের প্রবীণ নেতা নেতা রামগোপাল যাদবকে এবং এবং দ্বিতীয় নিশ্চিত আসনে তিনি প্রার্থী করেছেন ধনরাজকে। সমাজবাদী পার্টির নেতারা ধনরাজকে প্রার্থী করে রীতিমতো বুক বাজাচ্ছেন। তাঁরা বলছেন, “চমকের আরও বাকি আছে।”


সেই চমক কী? শোনা যাচ্ছে, দশম আসনের জন্য আরও একজন কাউকে প্রার্থী করতে পারেন অখিলেশ। হিসাব বলছে, বিজেপি পাঁচ বিধায়ককে ক্রসভোট করাতে পারলে ওই আসনটি জিতবে। তাঁরা সেই আশায় ৮জন প্রার্থী দিচ্ছে। আর অখিলেশ যাদব যদি ১২ জন বিধায়ককে ক্রসভোট করাতে পারেন তাহলে তিনি তৃতীয় আসনটি জিতবেন। সপা সূত্র বলছে, সেই চেষ্টাটাই পার্টির সুপ্রিমো করছেন।



Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha