Monday, September 28, 2026
বাড়ি খেলা মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা

মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা

মনুর হতাশার দিনে শুটিংয়ে রুপো এষার, এল ব্রোঞ্জও, এশিয়াড পদক নিশ্চিত করলেন লভলিনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৮ :  শুটিংয়ে ফের হতাশা ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে চিনের কাছে সামান্য ব্যবধানে হেরে পদকের দৌড় থেকে ছিটকে গেল ভারত। একটা ভুলই যাবতীয় সম্ভাবনা শেষ করে দিল। চিনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে দলগত সোনাজয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু অভিজ্ঞ শুটার রাহি স্বর্ণবতের একটি ভুলেই ভেস্তে গেল সেই স্বপ্ন। খালি হাতে ফিরতে হল মনু ভাকেরকে। তবে শুটিংয়ে মেডেল পেয়েছেন এষা সিং। 


প্রিসিশন রাউন্ডে আশানুরূপ ফল না হলেও র‍্যাপিড রাউন্ডে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ভারতের। প্রথমে নামেন প্যারিস অলিম্পিকের পদকজয়ী মনু ভাকের। র‍্যাপিডে ৯৭, ৯৬ এবং ৯৯ স্কোর করলেও প্রিসিশনের ঘাটতি পূরণ করতে পারেননি তিনি। মোট ৫৭৯ পয়েন্ট নিয়ে ব্যক্তিগত বিভাগে ১১ নম্বরে শেষ করেন মনু। কাট-অফ থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় ফাইনালে ওঠা হয়নি তাঁর। এর পরেই আসে রাহির পালা। দলগত সোনার লড়াইয়ে তাঁর নিয়ন্ত্রিত পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ছিল ভারত। কিন্তু র‍্যাপিড রাউন্ডের প্রথম সিরিজের শেষ শটেই ঘটে বিপত্তি। টার্গেটের বদলে গুলি গিয়ে লাগে বাইরের ধাতব ফ্রেমে। নিয়ম অনুযায়ী সেই শটের জন্য কোনও পয়েন্ট মেলেনি। সম্ভাব্য ৫০ পয়েন্টের জায়গায় ওই সিরিজে রাহি পান ৩৯।


ঘটনার পর ভারতীয় দল ৫০ ইউরো ফি দিয়ে জুরির কাছে আবেদন করেছিল ফের সুযোগ দেওয়ার জন্য। দীর্ঘ পর্যালোচনার পর অবশ্য সেই আবেদন খারিজ করে দেয় জুরি। ফলে পয়েন্ট মেলেনি। একটি শটের ভুলেই দলগত তালিকায় পঞ্চম স্থানে নেমে যায় ভারত। ব্যক্তিগত বিভাগেও ৩০ নম্বরে থেকে অভিযান শেষ হয় রাহির। শুটাররা হতাশ করলেও বক্সিংয়ে চতুর্থ পদক নিশ্চিত করেছে ভারত। মহিলাদের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন লভলিনা বরগোহাঁই। দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিয়ংকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন তিনি। ফলে বক্সিং থেকে ভারতের চতুর্থ পদক নিশ্চিত হল। টেনিসে হতাশ হতে হল ভারতকে।


দলগত পদক হাতছাড়া হওয়ার হতাশার মধ্যেই তাই ভারতের শেষ আশার আলো ছিলেন এষা সিং। ব্যক্তিগত বিভাগের ফাইনালে তরুণীর হাত ধরেই শুটিংয়ে পদকের স্বপ্ন সফল করল ভারত। ২৫ মিটার পিস্তল ইভেন্টে ভারতকে রুপোর পদক এনে দিলেন তিনি। তবে অসাধারণ লড়াই করেও সোনা অধরা রইল। মহিলাদের ২৫ মিটার পিস্তল ফাইনালে উত্তর কোরিয়ার কিম হিয়ন-সুকের বিরুদ্ধে টানা তিনটি শুট-অফে স্নায়ুর চাপ সামলে চূড়ান্ত লড়াইয়ে পৌঁছন এষা। সেখানেও চিনের শিয়াও জিয়ারুইশুয়ানের বিরুদ্ধে সোনার জন্য দু’বার শুট-অফে নামতে হয় তাঁকে। শেষ পর্যন্ত অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও দুরন্ত লড়াইয়ের স্বীকৃতি হিসাবে রুপোর পদক নিয়েই ফিরলেন ভারতীয় শুটার।


কুরাশেতে ব্রোঞ্জ পেয়েছেন পিঙ্কি বলহারা। মহিলাদের ৭৮ কেজি বিভাগের সেমিফাইনালে ০-৫ ব্যবধানে হেরে গিয়েছেন তিনি। মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে ভারতের অঙ্কিতা রায়না ও ঋতুজা ভোসলে জুটি। ফলে টেনিস থেকে ভারতের পদকের আশা শেষ হল এই বিভাগে। অন্যদিকে, তিরন্দাজির কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে পরের রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের চিকিথা তানিপার্তি ও জ্যোতি সুরেখা ভেন্নাম। ভুটানের দর্জি দোলমাকে ১৪৯-১৪০ ব্যবধানে হারান চিকিথা। তাছাড়াও কাজাখস্তানের আদেল ঝেক্সেনবিনোভাকে ১৪৮-১৪৫ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন জ্যোতি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha