Saturday, September 26, 2026
বাড়ি খেলা ফের নারীশক্তিতেই সোনালি সাফল্য! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত

ফের নারীশক্তিতেই সোনালি সাফল্য! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত

ফের নারীশক্তিতেই সোনালি সাফল্য! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৬ : ফের নারীশক্তির জয়জয়কার! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় সোনার পদক জিতল রতের মহিলা কাবাডি দল। রুদ্ধ্বশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে টেক্কা দিয়ে তাঁরাই দেশকে এনে দিলেন তৃতীয় সোনা। 


বলাই যায়, ফাইনালের মতো ফাইনাল হল এদিন। শেষ মুহূর্তে স্নায়ুর লড়াই। কখনও এগিয়ে ভারত। কখনও ইরান। কিন্তু প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শেষ হাসি হাসল ভারতীয় মহিলা কাবাডি দল। ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা এনে দিলেন সঞ্জু দেবীরা। একটা সময় মনে হচ্ছিল, সোনা বুঝি হাতছাড়া হতে চলেছে। শেষ দিকে ইরানের একের পর এক ভুল হচ্ছিল। যদিও দলের দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে ম্যাচে ফিরে শেষ পর্যন্ত বাজিমাত করল ভারতের ‘অগ্নিকন্যা’রাই।


শেষ কয়েক মিনিটে চাপ যখন আরও বেড়েছিল, সেই সময় ইরানের রেইডারদের ভুলের সুযোগ কাজে লাগায় ভারত। এমনকী এক সময় ইরানের দুই রেইডার একসঙ্গে কোর্টে ঢুকে পড়েন। নিয়মভঙ্গের সেই ভুলও ম্যাচে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে কেবল প্রতিপক্ষের ভুলে এই জয় নয়। গোটা ম্যাচে যেভাবে চাপ সামলে লড়াই করে পয়েন্ট তুলে নিয়েছে ভারত, তারজন্য কোনও প্রচেষ্টাই যথেষ্ট নয়। হাড্ডাহাড্ডি মুহূর্তে চোয়াল শক্ত রেখে এই সোনালি সাফল্য। আবারও দলের সেরা পারফর্মার সঞ্জু দেবী।


শনিবাসরীয় সকালটা শুরু হয়েছিল সাওয়ান বারওয়ালের ম্যারাথনে রুপো জয়ের মাধ্যমে। পাশাপাশি একাধিক ইভেন্টে পদক এসেছে ভারতের ঝুলিতে। স্কোয়াশে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন জ্যোৎস্না চিনাপ্পা এবং সেন্থিলকুমার। মিক্সড ডাবলসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-২ ব্যবধানে পরাজিত হন তাঁরা। অন্যদিকে, ভারতীয় মহিলা দল ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে রুপো জিতেছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন লক্ষ্য সেন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউয়ের কাছে ১২-২১, ২১-১৫, ১৪-২১ ব্যবধানে পরাজিত হলেন ভারতীয় শাটলার। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশন ব্যক্তিগত ইভেন্টে কোনও পদক পেল না ভারত। চতুর্থ স্থানে শেষ করলেন তিলোত্তমা সেন। বক্সিংয়ে হতাশ করলেন কমনওয়েলথ গেমসে পদক জেতা জাদুমণি সিং। দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক পদকজয়ী কার্লো পালামের কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হলেন তিনি।


প্রতিবেদন লেখা পর্যন্ত এশিয়ান গেমসের পদক তালিকায় ভারতের ঝুলিতে ২৭টি পদক। এরমধ্যে ৩টি সোনা, ১১টি রুপো এবং ১৩টি ব্রোঞ্জ। ভারত রয়েছে ১২ নম্বরে। তবে কবাডিতে উৎসব এখানেই শেষ নয়। খুব শীঘ্রই সোনার লড়াইয়ে নামবেন ভারতের পুরুষ কবাডি দলও। মহিলা দলের সাফল্যের পর তাঁদের দিকেও এখন তাকিয়ে গোটা দেশ। প্রসঙ্গত, মহিলা ক্রিকেট দলের হাত ধরে ভারতের প্রথম সোনার পদক আসে। এরপর শ্যুটিংয়ে সুরুচি সিং ও কমলজিতের সোনালি সাফল্যের পর ফের সোনা এল মহিলা কাবাডি দলের হাত ধরে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha