স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ অগস্ট : নিজের বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয় বলেই দাবি। বছর পয়ঁতিরিশের এক ব্যক্তি এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। যদিও নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। কিন্তু কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই অভিযুক্ত ব্যক্তির কোনও রাজনৈতিক যোগ আছে কি না তাও জানা যায়নি। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সিভিল লাইনস পুলিশ স্টেশনে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।
জানা যায়, সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। জানা যায়, ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তায় থাকা কর্মীরা।

