থেনি (তামিলনাড়ু), ২৭ অক্টোবর (হি.স.): তামিলনাড়ুর থেনি সাব-জেলে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার গভীর রাতে ওই কারাগারের নিরাপত্তার প্রাচীর টপকে মোট ১৭ জন বন্দি পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এবং পুলিশ প্রশাসন অবিলম্বে সর্বোচ্চ সতর্কতা জারি করে।
পলাতক বন্দিদের দ্রুত চিহ্নিত ও পাকড়াও করতে জেলাজুড়ে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও সীমান্ত এলাকায় গাড়ি থামিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সাউথ জোনের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, পলাতক আসামিদের ধরতে পুলিশের ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে।
আইজিপি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় ব্যাপক চিরুনি অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই চার জন পলাতক বন্দিকে পুলিশ পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকি ১৩ জন বন্দির খোঁজে পার্শ্ববর্তী জেলা এবং সীমানা লাগোয়া বন ও পাহাড়ি এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে কড়া নিরাপত্তা এড়িয়ে এতজন বন্দি একসঙ্গে জেল থেকে চম্পট দিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান