স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২৭ : এবার বিপাকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং দলের আরও এক শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা। তাঁদের বিরুদ্ধেও জারি হল লুক আউট নোটিস। এর আগে দিল্লি হাই কোর্টে সিজেপি নেতা সৌরভ বিরুদ্ধে লুক আউট নোটিস জারির কথা জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাসপোর্টের তথ্যে গড়মিলের কারণেই তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ করা হয়।
কিন্তু দীপকে এবং আশুতোষের বিরুদ্ধে কেন ‘লুকআউট সার্কুলার’ (এলওসি) জারি হল? জানা গিয়েছে, গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় সিজেপি। কিন্তু তাতে অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। পরদিনই অর্থাৎ ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পাশাপাশি, অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। মামলার প্রেক্ষিতেই দুই ‘ককরোচ’ নেতার বিরুদ্ধেই ‘লুকআউট সার্কুলার’ জারি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (বেআইনি জমায়েত) এবং ২২৩ (সরকারি কর্মচারীর নির্দেশ অমান্য) ধারায় মামলা রুজু করে মুম্বই পুলিশ।
এদিকে পাসপোর্টের তথ্যে গড়মিলের কারণে সিজেপি নেতা সৌরভের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়েছে। দিন দুই আগেই তাঁর লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু চেন্নাই বিমানবন্দরে তাঁকে ‘বাধা’ দেওয়া হয় বলে অভিযোগ। লন্ডনগামী বিমানে তিনি উঠতে পারেননি। এরপরই বিতর্ক ছড়ায়। সেসময় সৌরভকে জানানো হয়, তাঁর পাসপোর্টে কিছু সমস্যা রয়েছে। তাই তিনি বিদেশ যেতে পারবেন না।
বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানিয়েছেন, সৌরভকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে কারণ তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে মুম্বই পুলিশ। গত ২৩ নভেম্বর ওই লুক আউট নোটিস জারি করা হয়েছে। সূত্রের খবর, ককরোচ নেতার পাসপোর্টে উল্লিখিত জন্মস্থান এবং অন্যান্য সরকারি নথিপত্রে দেওয়া তথ্যে গরমিল রয়েছে। শুধু তাই নয়, সৌরভের জন্ম তারিখ এবং বাবার নামের জায়গাটিও ফাঁকা রয়েছে। কেন্দ্র বলছে, পাসপোর্টে ভুল তথ্য দেওয়া বা কোনও তথ্য না দেওয়া তথ্য গোপন করার শামিল, যা অপরাধ। সৌরভের বিরুদ্ধে সে কারণেই লুকআউট নোটিস জারি করা হয়েছে। আগামী দিনে তাঁর ভারতের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সৌরভকে নিজের অবস্থান জানানোর সময় দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান