Wednesday, November 11, 2026
বাড়ি জাতীয় ১৫ সেকেন্ডে ৩০ গুলি, ধরা পড়ল সিসি ক্যামেরায়, কাশ্মীরে জঙ্গি হামলায় জরুরি বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের

১৫ সেকেন্ডে ৩০ গুলি, ধরা পড়ল সিসি ক্যামেরায়, কাশ্মীরে জঙ্গি হামলায় জরুরি বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের

১৫ সেকেন্ডে ৩০ গুলি, ধরা পড়ল সিসি ক্যামেরায়, কাশ্মীরে জঙ্গি হামলায় জরুরি বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১১ : কুলগামে আখরানে সিআরপিএফ ক্যাম্পে ছিল সিসি ক্যামেরা। তাতে ধরা পড়েছে বুধবার দুপুরের জঙ্গি হামলার ভয়াবহতা। স্পষ্ট হয়েছে, ‘একে ৪৭’ বা ওই জাতীয় কোনও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে মাত্র ১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি চালায় দুই জঙ্গি। বাইকে চড়ে এসেছিল তারা। সিআরপিএফ জওয়ানরা পালটা জবাব দিলেও বাইকে চেপেই পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। অন্যদিকে, এদিনের ঘটনার পর গোটা জম্মু ও কাশ্মীরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তড়িঘড়ি জরুরি বৈঠক ডেকেছে স্বরাষ্ট্রমন্ত্রক।


সিসিটিভি ফুটেজে গুলির তীব্র শব্দ ধরা পড়েছে। প্রথম ১৫ সেকেন্ডে ৩০টি গুলি চালানো হয়। পরবর্তী এক মিনিটের মধ্যে আরও এক ডজন গুলির শব্দ শোনা গিয়েছে। ক্যামেরাতে ধরা পড়েছে টুকরো ছোট পাথরের মতো টুকরো কোনও বস্তু ঝরে পড়ছে। শুরুতে কেবল একজন সিআরপিএফ জওয়ানকে দেখা যায়, তিনি দোকানের সামনে বসে ছিলেন। তাঁর ডান দিকে হামলা হয়। এরপর ক্যামেরায় আরেকজন জওয়ানকে দৌড়ে আসতে দেখা যায়। পরে মেশিনগান হাতে তাঁদের এগোতেও দেখা যায়। সেই দিক থেকেই গুলির শব্দ আসছিল! হামলাকারীদের উদ্দেশে চিৎকার করেন জওয়ানরা।



বুধবার দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে ঘটনাস্থলে আসে দুই জঙ্গি। এরপর নাকা চেকিংয়ে সময় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ হন ৩ সিআরপিএফ জওয়ান। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চাঁদু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের বাসিন্দা সোমবীর সিং। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। সন্তোষের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। অনন্তনাগ হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।


প্রসঙ্গত, কাশ্মীরে প্রায় বছর খানেক পরে জঙ্গি হামলার ঘটনা ঘটল। আচমকা জঙ্গিরা গুলি চালালে পালটা জবাব দেয় সিআরপিএফ জওয়ানরা। এরপরই বাইক চালিয়ে পালিয়ে যায় দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। নেপথ্যে লস্কর জঙ্গিরা থাকতে পারে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবারের হামলার মূলচক্রী লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাট। তার মাথার দাম ২৪ লক্ষ টাকা। হামলার পরেই কুলগাম-সহ গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রক জরুরি বৈঠক করছে। সূত্রের খবর, সেখানে গোটা ঘটনাটি বিস্তারিত জানান সিআরপিএফ জেনারেল। পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা হচ্ছে বলেই খবর।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha